ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে করুচিপূর্ণ মন্তব্য করে আটক ব্যক্তির মুচলেকায় মুক্তি

0
রবিউল ইসলাম ।। ছবি: সংগৃহীত

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগে গ্রেফতার মো. রবিউল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার রাতে তাকে মুচলেকা গ্রহণের পর ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরআগে শুক্রবার গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের নিজ বাড়ি থেকে রবিউল ইসলামকে গ্রেফতার করে অভয়নগর থানা পুলিশ। তিনি ওই গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতেম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। একই সঙ্গে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগও রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে রবিউল ইসলাম নিজের ভুল স্বীকার করে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা চান বলে জানা গেছে। তবে এরই মধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারের পর রবিউল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা জানায় পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে রবিউল ইসলামের কাছ থেকে মুচলেকা গ্রহণের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।