ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর):, লোকসমাজ: যশোরের ঝিকরগাছায় মিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম পৌরসদরের কীর্তিপুর মোড় এলাকার মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন তাদের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান ঘটনাস্থল থেকে জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে মাথার খুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার স্বামীর সঙ্গে শেষবার কথা হয়। মিম তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। তবে পরে তিনি আর সেখানে যাননি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।