কাশিয়ানীতে এমপির বাড়িতে ও মুকসুদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ

0
অগ্নিকাণ্ড, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত পুলিশের যানবাহনের একাধিক খণ্ডচিত্র।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামানের কাশিয়ানীতে এমপির বাড়ি-তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

পাশাপাশি মুকসুদপুরে থানা ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শিপলু আহমেদ গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কাশিয়ানীতে সংসদ সদস্যের বাড়ি এবং মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার খবর পায় সংস্থাটি। এরপর দুপুর ১২টা ৩ মিনিটে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের খবর আসে।

সহিংসতার ঘটনায় দাউ দাউ করে জ্বলতে থাকা পুলিশের গাড়ি ও ঘন কালো ধোঁয়ার দৃশ্য।। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম গণমাধ্যমকে জানান, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হামলা চালানো হয়।

তাঁর ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে জড়ো হন, স্লোগান দিয়ে ভাঙচুর চালান এবং একপর্যায়ে পেট্রল ও অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে সংসদ সদস্যের স্বজনরা নিরাপদ স্থানে যেতে সক্ষম হন।

কাশিয়ানীর মাঝিগাতী গ্রামে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পর জ্বলন্ত ভবন ও ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে ঘটনাস্থলের পরিস্থিতি।। ছবি: সংগৃহীত

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা শিপলু গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরও মিছিল-সমাবেশের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যেতে পারেননি।

এদিকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে, যার ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।