রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ: আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ইউনিটটি পুনরায় চালু হয় এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি শনাক্ত হওয়ার পর দ্রুত মেরামত কার্যক্রম চালানো হয়। মেরামত শেষে ইউনিটটি আবারও উৎপাদনে ফিরেছে।

আনোয়ারুল আজিম বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়। আমরা সবসময় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে কাজ করছি।”

বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে ৩৭১ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৬৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পরে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।