আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম

0
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধনের কথা বলেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পাশাপাশি স্থানীয় নির্বাচন ও স্টেডিয়াম সংস্কার নিয়েও বক্তব্য দেন তিনি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পতিত, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা দেশের দুই-এক জায়গায় পেট্রোল বোমা মেরে ও দু-একটি থানা পুড়িয়ে অরাজকতা তৈরি করে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদসহ যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মাকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করেছে, তাদের এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না।

বর্তমান সরকারকে মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল হিসেবে তুলে ধরে মীর শাহে আলম বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে তাঁরা কাউকে নির্মূল করতে চান না, তাই সৃষ্ট পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবিলা করা হয়েছে।

তাঁর ভাষায়, কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে থানার প্রয়োজন নেই, তবে সরকার সেখানে থানা রাখবে না; আবার সরকারি অফিস-আদালত ও উন্নয়ন প্রয়োজন না মনে করলে সরকার তা করবে না—বিষয়টি জনগণের চাওয়ার ওপর নির্ভর করবে। তিনি দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল—এ বিষয়টি সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল বলে আজ জাতির সামনে প্রমাণিত হয়েছে। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে ভাবার সময় এসেছে এবং প্রয়োজন হলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধন করবে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে স্থানীয় নির্বাচনে সাংগঠনিক ব্যবস্থা

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, এ সংক্রান্ত আইন ইতিমধ্যে সংশোধন করা হয়েছে এবং নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। এ নির্বাচনে ধানের শীষ বা অনুরূপ কোনো জাতীয় প্রতীক থাকবে না, সরাসরি দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই এবং ব্যানার-পোস্টারে কেউ নিজেকে কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দিতে পারবেন না; প্রার্থীরা সরাসরি ব্যক্তি হিসেবে নির্বাচন করবেন।

তবে বিএনপির নির্দেশনার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশনের মাধ্যমে সমর্থন দেবে কারা তাঁদের প্রার্থী। ওই সমর্থন কেউ অমান্য করলে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে উপজেলা বা জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়ামের নামকরণের উদ্বোধন প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আন্তর্জাতিক মানের খেলা হওয়া যেমন ওই এলাকার গৌরব, তেমনি তা উপভোগ করা স্থানীয় মানুষের অধিকার। স্টেডিয়ামটি সংস্কারের জন্য ইতিমধ্যে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশের রংপুরের ডিআইজি আবদুল মাবুদ এবং রংপুর মহানগর পুলিশের মু. মাহবুবুর রশীদ।