মোংলায় স্ত্রী-সন্তানের সামনে নদীতে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ

হোসেন মোড়ল ট্রলারের পেছনের দিকে গেলে পা পিছলে তীব্র স্রোতের পশুর নদীতে পড়ে যান

0
মোংলায় নদীতে মাছ ব্যবসায়ী নিখোঁজ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটের মোংলায় স্ত্রী-সন্তানের সামনে নদীতে ট্রলার থেকে পড়ে হোসেন মোড়ল (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হোসেন মোড়ল খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার ইউনুচ মোড়লের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার ভোরে খুলনার চালনা থেকে একটি মাছভর্তি ট্রলারে করে তিনি স্ত্রী ও ৬ বছর বয়সী সন্তানসহ মোংলা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোর আনুমানিক ৬টার দিকে ট্রলারটি মোংলা বাজার ঘাটে পৌঁছে নোঙর করার প্রস্তুতি নেয়।

এ সময় হোসেন মোড়ল ট্রলারের পেছনের দিকে গেলে পা পিছলে তীব্র স্রোতের পশুর নদীতে পড়ে যান।

স্বামীকে পানিতে তলিয়ে যেতে দেখে তার স্ত্রী চিৎকার শুরু করলে ট্রলারের মাঝি দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। তবে প্রবল জোয়ার ও স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই তিনি নিখোঁজ হন।

মোংলায় ট্রলার থেকে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ
নিখোঁজ ব্যবসায়ীর খোঁজে পশুর নদীতে অভিযান চালাচ্ছে ডুবুরি

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে অভিযানে যুক্ত হয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং স্থানীয় দক্ষ ডুবুরি দল।

ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের মোট চারটি ইউনিট সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালালেও এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, নদীর ওই অংশে গভীরতা ও স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তবে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্বামীকে চোখের সামনে নদীতে তলিয়ে যেতে দেখে মোংলা বাজার ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী ও স্বজনরা। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।