মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ: স্মরণ করা হলো মজলুম জননেতাকে

0
শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এই মহান নেতার প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা—প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানী ছিলেন গণমানুষের পক্ষে সোচ্চার কণ্ঠ।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম নেওয়া মওলানা ভাসানী জীবনের সিংহভাগ কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত থেকে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন।

স্বাধীন বাংলাদেশেও শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে তিনি সোচ্চার ছিলেন এবং ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতার প্রমাণ দেয়।

তার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করে একটি জাতীয় কমিটি গঠন করেছে।

এছাড়া মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১১ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা আজ ১৭ নভেম্বর সমাপ্ত হচ্ছে।