সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

0
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়া এলাকায় এসব সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গেছে, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন, যা পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে এবং খেজুরবাগান এলাকায় সকাল ১০টার দিকে শ্রমিকদের অন্য দুটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার খবরে জানান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।