ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

0
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভানে’ পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীতে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আকভান এ পরিণত হয়েছে।

এটি মঙ্গলবার সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।

এটি আরও উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী দুই দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া শুক্রবার ও শনিবার দেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি বর্ধিত পাঁচ দিনের শেষের দিকেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।