নব্বইয়ের দশকের হিন্দি গানে আইসিসিবি হেরিটেজে স্মৃতিময় সন্ধ্যা

0

লোকসমাজ ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুর, মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ আর রাজকীয় পরিবেশ—এই তিনের সমন্বয়ে রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা।

রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত রেস্টুরেন্টটিতে গতকাল সন্ধ্যা থেকে জমে ওঠে এ আয়োজন। বাইরে নগরীর ব্যস্ততা আর ভেতরে মৃদু আলো, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুর তৈরি করে ভিন্ন এক আবহ।

‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ পর্ব ‘এডিশন : ৯০স হিন্দি সংস’ শীর্ষক এ আয়োজন চলে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত। এতে নব্বইয়ের দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না।

পরিচিত গানের সুর বেজে উঠতেই অতিথিদের অনেকে শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান। কারও গুনগুন, কারও স্মৃতিচারণ—সব মিলিয়ে সংগীতসন্ধ্যা একসময় রূপ নেয় প্রাণবন্ত আড্ডায়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী মোগলাই খাবার। পুরোনো রেসিপি ও প্রচলিত রন্ধনশৈলী অনুসরণে তৈরি বিভিন্ন পদে অতিথিরা পান উপমহাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্যের স্বাদ। খাবার পরিবেশনেও ছিল বিশেষত্ব। মোগল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের অভ্যন্তরীণ সাজসজ্জা অতিথিদের সামনে তুলে ধরে রাজকীয় ভোজের আবহ।

সংগীত ও খাবারের এমন সমন্বয়ে আয়োজনটি পেয়েছে ভিন্ন মাত্রা। নব্বইয়ের দশকের গানের স্মৃতিময় আবহের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ অতিথিদের জন্য তৈরি করে উপভোগের ভিন্ন অভিজ্ঞতা।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রতিটি পর্ব সাজানো হবে সংগীতের ভিন্ন ভিন্ন ধারা নিয়ে। প্রতি শুক্রবারের এ আয়োজনে থাকছে আলাদা পরিবেশনা।

সূচি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে নজরুলগীতির আয়োজন। ২৭ নভেম্বর পরিবেশিত হবে কালজয়ী বাংলা গান। ৪ ডিসেম্বর থাকছে পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীতের পরিবেশনা।

আয়োজকদের প্রত্যাশা, সংগীতের বিভিন্ন ধারার এ আয়োজন ব্যস্ত নগরজীবনে দর্শনার্থীদের জন্য বিনোদন ও ঐতিহ্যের এক ভিন্ন সমন্বয় তৈরি করবে। নব্বইয়ের দশকের হিন্দি গানের পরবর্তী পর্বগুলোও সংগীতপ্রেমীদের নতুন নতুন সুরের অভিজ্ঞতা দেবে।