সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি আরও সাত কর্মকর্তা

0
সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার; একই প্রজ্ঞাপনে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে আরও সাত কর্মকর্তাকে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ—এই সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই প্রজ্ঞাপনে এসপি ও সমমর্যাদার আরও সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এবং জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে এবং নড়াইলের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে।

এ ছাড়া খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে, আর গাইবান্ধার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। পাশাপাশি নওগাঁর নতুন পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে।

সাত জেলার বিদায়ী এসপিসহ বিভিন্ন ইউনিটে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বাসর মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বদলি করা হয়েছে পিবিআইতে।

অন্যদিকে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িস্থ ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি কেএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।