ভৈরব নদ পরিচ্ছন্নতায় এবার এলো সেফ ফাউন্ডেশন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এবার মাঠে নেমেছেন পরিবেশ সচেতন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সেফ ফাউন্ডেশন। নদী রক্ষার এই সামাজিক উদ্যোগে সংগঠনটির ২০ জনের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হয়েছে মুসলিম একাডেমি এক্স-স্টুডেন্ট ফাউন্ডেশন।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডা. সাদিয়া মনোয়ারা ঊষার আহ্বানে ভৈরব নদের পাড়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন সেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিনথিয়া রোমানা। সংগঠনটির পরিচালক এবং যশোরের পরিচিত সংগীতশিল্পী মোল্লা বাবুও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

আয়োজনটির মূল লক্ষ্য ছিল ভৈরব নদকে কচুরিপানার প্রভাব থেকে মুক্ত রাখা এবং নদীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা তৈরি করা। শুধু একটি দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং নদী ও পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্পৃক্ত করার একটি সামাজিক উদ্যোগ হিসেবেও কর্মসূচিটিকে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে, এ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেছে মুসলিম একাডেমি এক্স-স্টুডেন্ট ফাউন্ডেশন। সংগঠনটির আহ্বায়ক জাহিদ হাসান টগর ও সদস্যসচিব আশিক মাহমুদের নেতৃত্বে একটি দল কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করে। তাদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমটি আরও বৃহত্তর সামাজিক উদ্যোগের রূপ পায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাউসুল আজম, মীর মঈন হোসেন মুসা ও শফিকুল ইসলাম বাবু।

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ। সপ্তম শ্রেণির শিক্ষার্থী বাহাউদ্দিন, সোহান মোল্লা ও রিয়াজুল ইসলামও বড়দের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হয়।

সেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিনথিয়া রোমানা বলেন, যশোরের ভৈরব নদকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সেফ ফাউন্ডেশন ও সহযোগী সংগঠনের এই উদ্যোগ।

তিনি বলেন, এক দিনের পরিচ্ছন্নতা অভিযান হয়তো নদীর সব সমস্যা দূর করতে পারবে না, তবে এমন উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, দূষণবিরোধী সামাজিক অবস্থান এবং প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকলে ভৈরব নদকে পরিচ্ছন্ন ও প্রাণবন্ত রাখার প্রচেষ্টা আরও কার্যকর হতে পারে বলে তিনি মত দেন।