বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল

0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দিচ্ছেন সদ্য এনসিপি ত্যাগী নেতা আরশাদুল ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই যোগদান সম্পন্ন করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, যোগদানের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আরশাদুলের দীর্ঘ ১০ মিনিট আলাপ হয়। এ সময় তারেক রহমান তাঁকে স্বাগত জানিয়ে বলেন, ‘লেটস রিবিল্ড দ্য কান্ট্রি’ (চলো দেশ পুনর্গঠন করি)। সাক্ষাৎ শেষে আরশাদুল হক দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন।

মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্যসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হলেও গত ২৫ ডিসেম্বর তিনি দল থেকে পদত্যাগ করেন।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে আরশাদুল বলেন, “দেশ গঠনে একমাত্র তারেক রহমানেরই সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে আমার মনে হয়েছে। সেই ভিশন বাস্তবায়নে আমি তরুণ সমাজকে সাথে নিয়ে কাজ করতে চাই।”