মাগুরায় ট্রাকচালক হত্যায় গ্রেফতার ৪, লুণ্ঠিত ট্রাক ও ভোজ্য তেল উদ্ধার

0
ছিনতাই হওয়া ৬০ ব্যারেল ভোজ্য তেলবাহী ট্রাকের ড্রাইভার আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি হিটলারসহ চারজনকে গ্রেফতার

শালিখা (মাগুরা) সংবাদদাতা, লোকসমাজ :
ছিনতাই হওয়া ৬০ ব্যারেল ভোজ্য তেলবাহী ট্রাকের চালক আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি হিটলারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ট্রাক, ৪৫ ব্যারেল ভোজ্য তেল ও নগদ টাকা।

সোমবার বিকেলে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন— মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আজাদ হোসেন ওরফে হিটলার (২৭), জাগলা গ্রামের হাজারীলাল সাহার ছেলে বিকাশ সাহা (৩০), রাজিবেরপাড়া গ্রামের ইমারত মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫০) এবং বুধইরপাড়া গ্রামের লোকমান মোল্লার ছেলে হারুন অর রশিদ (৪৮)।

পুলিশ সুপার জানান, একটি ‘ক্লুলেস’ হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়ার মাত্র একদিনের মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়।

আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাইকৃত ট্রাক, ৬০ ব্যারেল ভোজ্য তেলের মধ্যে ৪৫ ব্যারেল তেল এবং নগদ ৩ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ট্রাকচালক আব্দুর রহমান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মে রাতে নারায়ণগঞ্জ থেকে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সের জন্য ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ট্রাকটি রওনা দেয়। পথিমধ্যে ট্রাকটি ছিনতাইয়ের কবলে পড়ে। দুর্বৃত্তরা ট্রাকচালককে হত্যা করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয় এবং বিভিন্ন স্থানে তেল নামিয়ে ফেলে।

পরে খালি ট্রাক ও চালকের মরদেহ ঝিনাইদহের কোলা বাজার এলাকার অদূরে ফেলে রাখা হয়। ঝিনাইদহ পুলিশ ২০ মে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে অপমৃত্যুর মামলা দায়ের করে।

এ ঘটনায় গত ২৩ মে মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা মাগুরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন।