কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, চলছে উদ্ধারকাজ

খুলনা থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকায় তেলবাহী মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধারকাজ চলছে। খুলনা থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের পেছনের তিনটি ট্যাংকারের মোট নয়টি চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ একযোগে চলছে।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। এক মাসেরও কম সময়ের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।