ঝিকরগাছায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে যুবক খুন, আহত ৩

0
নিহত আশিকুজ্জামান (২৭) ।। ছবি: সংগৃহীত

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আশিকুজ্জামান (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। এই মর্মান্তিক সংঘর্ষের ঘটনায় নিহত যুবকের বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সোনাকুড় গ্রামের ডা. আছিরউদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে মরহুম আমিনউদ্দীনের ছেলে নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম (৫০), ফজলুর রহমান (৪৫), নজরুলের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১)-সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর চালায়।

হামলায় আশিকুজ্জামান, তাঁর বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০) মারাত্মকভাবে জখম হন। স্বজনরা দ্রুত তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুধবার (২৮ অক্টোবর) রাত দেড়টার দিকে আশিকুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাবা ও ভাই বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ফজলুর রহমানকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।