ঝিকরগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলা: পলাতক ইমাম বরিশাল থেকে গ্রেফতার

0
বরিশালের কালকিনি থেকে ঝিকরগাছা থানা পুলিশের হাতে গ্রেফতারের পর থানা হেফাজতে মামলার প্রধান আসামি আব্দুর রহমান।। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও তার সন্তান প্রসবের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি পলাতক ইমাম আব্দুর রহমান (৫৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে দূরবর্তী জেলা বরিশালের কালকিনি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ঝিকরগাছা থানা পুলিশের একটি চৌকস দল।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলমের সরাসরি নির্দেশনায় এসআই পলাশ দাস ও এসআই তাপস রায় সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১৫ মে) বরিশালের কালকিনিতে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। সেখান থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১, তারিখ: ১৩/০৫/২০২৬)।

উল্লেখ্য, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামের এক দরিদ্র দিনমজুরের চার কন্যার মধ্যে এক বুদ্ধিপ্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের বাসিন্দা ও রাজাপুর গ্রামের মসজিদের ইমাম আব্দুর রহমানের বিরুদ্ধে। গত ১৮ মার্চ নাভারণ বাজারের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে ওই কিশোরী একটি পুত্র সন্তান জন্ম দিলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হতেই চার সন্তানের জনক ও নাতি-নাতনির দাদু এই ষাটোর্ধ্ব ইমাম এলাকা ছেড়ে পালিয়ে যান। অবশেষে পুলিশের এই সফল অভিযানে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।