খুলনায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : টানা ভারী বৃষ্টিতে খুলনা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

সোমবার (১৫ জুন) দিনের বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। রয়েল মোড়, শিববাড়ি মোড়, ময়লাপোতা, নেভি স্কুল মোড়, পুলিশ লাইন মোড়, ডাকবাংলো মোড়, সোনাডাঙ্গা, বয়রা ও ফুলবাড়িগেটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

পানিতে অনেক যানবাহন বিকল হয়ে সড়কে আটকা পড়ে। দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগের বাস্তব ফল মিলছে না। তাদের দাবি, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজ সংকটের কারণেই অল্প সময়ের ভারী বৃষ্টিতেই নগরীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।

এদিকে, জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন নগরবাসী। ড্রেনেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরও কেন পরিস্থিতির উন্নতি হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করেছেন তারা।