সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি দল কাজ করছে। প্রয়োজনীয় কাজ শেষ হলেই সার্ভার পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে।’

এরই মধ্যে সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ।

এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়। পরে গত রোববার বাংলাদেশ ব্যাংকের সার্ভার আবার সচল করা হয়।