খুলনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

0

খুলনা ব্যুরো: খুলনা মহানগরীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজু শিকদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু শিকদারের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজু শিকদার রায়ের মহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। তবে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়লে কয়েকজন তাকে আটক করে মারধর শুরু করে। একপর্যায়ে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, “প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।