খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে কুপিয়ে জখম

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা সদর থানাধীন ফরাজীপাড়ায় বাজার থেকে ফেরার পথে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পর আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত কর্মকর্তা জানান, রোববার সন্ধ্যায় ফরাজীপাড়ার আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পরপরই ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।