‘সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুন’: রূপদিয়ায় বিএনপির সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ ‘সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুন’—যশোরের রূপদিয়া বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের উদ্দেশ্যে এই সরাসরি আহ্বান ও কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে গঠিত সরকারকে কোনো ধরনের হুমকি, ষড়যন্ত্র কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পেছনে ঠেলে দেওয়া সম্ভব নয়। কোনো ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে বিএনপি তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ করে কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

"জনগণের ভোট ও সমর্থন নিয়ে গঠিত সরকারকে
কোনো হুমকি বা ষড়যন্ত্র করে
পেছনে ঠেলে দেওয়া সম্ভব নয়;
সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুন।" 
—
 অনিন্দ্য ইসলাম অমিত
প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

শুক্রবার বিকেলে রূপদিয়া বাজারে আয়োজিত এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশকে ঘিরে রূপদিয়া বাজার এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে দেশের মানুষের কল্যাণে আরও ভালো কিছু করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে কেউ পার পাবে না।

জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যারা পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

"মাদক একটি পরিবার, সমাজ ও
রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ;
মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের
চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।" 
—
অনিন্দ্য ইসলাম অমিত
প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

সমাবেশে বক্তব্য প্রদানকালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

একই সঙ্গে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, তবে পরিকল্পিতভাবে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত রাখবে।

রূপদিয়া বাজারে কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী।। ছবি: লোকসমাজ

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুর রহমান শাকিল, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খান, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেলসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।

পুরো সমাবেশ অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।