মহেশপুরে রাতের আঁধারে ফসল নষ্ট করছে দুর্বৃত্ত

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে দুর্বৃত্তরা রাতের আঁধারে একের পর এক ফসলের ক্ষেত নষ্ট করছে। ধারদেনার মাধ্যমে ফসল চাষ করার পর ভরা ক্ষেত নষ্ট হওয়ায় কৃষকদের পথে বসার অবস্থা হচ্ছে। রাতের আঁধারে ঘটনা ঘটায় ক্ষতিগ্রস্তরা নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে দুর্বৃত্তরা থাকছে ধরা -ছোঁয়ার বাইরে।

শনিবার রাতে মহেশপুর পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের দরিদ্র কৃষক আশাদুল ইসলামে মাঠের ১৩২ শতক জমিতে চাষ করা ধরন্ত ৫০০ লাউ ও কুমড়ো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে ফথে বসার অবস্থা হয়েছে ওই কৃষকের।

সরেজমিনে দেখা যায়, বোয়ালিয়া মাঠে কৃষক আসাদুল ইসলামের ১৩২ শতকের লাউ ও চালকুমড়ায় ক্ষেতের ৫০০ গাছের প্রতিটির ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এ লাউ-কুমড়ো বাজারে বিক্রি হতো কয়েক লাখ টাকায়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে ধরন্ত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কৃষক আসাদুল ইসলাম বলেন, জমি লিজ নিয়ে ধারদেনা করে ১৩২ শতক জমিতে লাউ ও চালকুমড়ো চাষ করেছি। চাষে খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। পরিশ্রম আর পরিচর্চার মাধ্যমে প্রতিটি গাছের ডগায় লাউ ও কুমড়ো ধরতে শুরু করেছে। বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো আরও কয়েক লাখ। লাউ বাজারে বিক্রি করে জমির লিজের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। কিন্তু এখন সব শেষ হয়ে গেল। কীভাবে জমির টাকা পরিশোধ করবো বুঝতে পারছিনা।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।