খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

১২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ ॥ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনার অন্যতম বৃহৎ বেসরকারি এ হাসপাতালটিতে আগুন লাগে।

১২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এসময়ে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত ভবনের বাইরে বেরিয়ে আসেন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন,

অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের নিচতলার জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা দ্রুত ১৬ তলা ভবনের ওপরের দিকের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় হাসপাতালজুড়ে ধোঁয়ার সৃষ্টি হলে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।