খুলনায় বস্তাবন্দী মরদেহ কিশোরী নির্জনার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়েকে শনাক্ত করেন তার মা আরিফা ইয়াসমিন সীমা

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী মরদেহের পরিচয় মিলেছে। সে খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬)। সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়েকে শনাক্ত করেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে বস্তাবন্দি অবস্থায় নির্জনার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খুলনা থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।