ঝিনাইদহে সাবেক ইউপি সদস্য ও খুলনায় যুবক খুন

0
ঝিনাইদহে সাবেক ইউপি সদস্য ও খুলনায় যুবক খুন
খুলনায় নিহত যুবককে নিয়ে স্বজনদের আহাজারী ও ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিহত মোলাম হোসেন- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : ঝিনাইদহ ও খুলনায় পৃথক হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চরমপন্থীদের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক।

হরিণাকুন্ডুতে সাবেক ইউপি সদস্য নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার  ভায়না ইউনিয়নের ভায়না বাজার এলাকায় বুধবার রাত আনুমানিক ৮টার দিকে হামলার শিকার হন মোলাম হোসেন মেম্বার। তিনি কালশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভায়না বাজারের একটি স্কুলের পাশে তার ওপর হামলা চালানো হলে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ওসি কবির হোসেন মাতব্বর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

এদিকে খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নাজিরঘাট এলাকার তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন নগরীর ২ নম্বর কাসেম সড়ক এলাকার শহিদুলের ছেলে। তিনি একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, চারটি মোটরসাইকেলে করে আসা আট সদস্যের একটি সন্ত্রাসী দল মুস্তাকিনের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।