ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
ঝিকরগাছায় উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দিনব্যাপী সেমিনারে এআইয়ের সম্ভাবনা, নিরাপদ ব্যবহার ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।। ছবি: সংগৃহীত

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছা-য় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তর-এর আয়োজনে এই সেমিনার হয়।

সেমিনারে তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কার্যক্রম ও কর্মক্ষেত্রে এআইয়ের ইতিবাচক প্রয়োগের পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি অধিদপ্তরের পরিচালক মো. মাহাবুব আলম অনলাইনে যুক্ত হয়ে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। সরকারি সেবার মানোন্নয়ন, উদ্ভাবন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা আইসিটি অফিসার মো. অহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলিয়ার রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালীয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা হিসাবরক্ষণ অফিসার শাহানা আক্তার, উপজেলা প্রোগ্রামার (বেনবেইস) জি এম ইসরাফিল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম এবং লাউজানী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা প্রমুখ।

সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইসিটি ল্যাব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।