যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0
যশোরের চাঁচড়ায় মায়ের সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীর বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে; আহতকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মায়ের সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীর বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গুরুতর আহত স্ত্রীকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত তিথী (৩০) ও তাঁর স্বামী বিল্লাল (৪০) চাঁচড়া ডাল মিল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিল্লাল নড়াইল জেলার মিরাপাড়া এলাকার বাসিন্দা মৃত পাঞ্জমিনার ছেলে।

গত ২২ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ভাড়া বাসায় তিথী তাঁর মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথীর দুই হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বাম হাতের কব্জি বরাবর ধারালো দা দিয়ে কোপ দেন। এতে তাঁর বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে অভিযুক্ত স্বামী নিজেই আহত স্ত্রীকে চিকিৎসার জন্য রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অবস্থার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। পরে স্বামী ও তাঁর মা আহত তিথীকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যান।