দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, কক্সবাজারে ভ্রমণে গিয়ে ঝিনাইদহের পল্লী চিকিৎসক নিহত

মোশাররফ হোসেন প্রতি বছর মোটরসাইকেলে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন।

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঝিনাইদহের পল্লী চিকিৎসক মোশাররফ হোসেন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সফরসঙ্গী দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা এবং মকবুল বিশ্বাসের ছেলে। তিনি সাগান্না ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিহতের ভ্রমণসঙ্গী ফারুক হোসেন শুক্রবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন প্রতি বছর মোটরসাইকেলে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পথে সড়কে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোশাররফ হোসেন নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শ্যামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য ও শিক্ষক রবিউল ইসলাম জানান, মোশাররফ হোসেন একজন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন। মোটরসাইকেলে করে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানো ছিল তাঁর দীর্ঘদিনের অভ্যাস।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মোশাররফ হোসেনের মৃত্যুর খবর জানা গেছে। তবে দুর্ঘটনার বিষয়ে কক্সবাজারের সংশ্লিষ্ট থানা থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি।