দামুড়হুদায় ১,৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা

কৃষি কর্মকর্তাদের নজরদারি নিয়ে প্রশ্ন

0
দামুড়হুদায় ১,৫০০ বস্তা সার জব্দ
দামুড়হুদায় দুটি গুদাম থেকে ১,৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে শনিবার রাতে - লোকসমাজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদামে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়েছে। সার মজুদ ও বিক্রির বিষয়টি তদারকির দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তাদের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকদের কেউ কেউ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে জানান, অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার বাদী হয়ে মামলা করার প্রক্রিয়া চলছিল।

এদিকে, সার মজুদ ও বিক্রির হিসাব নিয়মিত যাচাইয়ের দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তাদের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষকদের অভিযোগ, সার ডিলারদের রেজিস্টার খাতা দেখে মজুদ ও বিক্রির হিসাব যাচাই করার কথা সংশ্লিষ্ট উপজেলা ও সহকারী কৃষি কর্মকর্তাদের। এরপরও অবৈধভাবে সার মজুদ এবং বেশি দামে বিক্রির অভিযোগ ঠেকানো যাচ্ছে না।

কৃষকদের আরও অভিযোগ, নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনা ঘটেছে। তারপরও প্রতিষ্ঠানটির সার মজুদ ও বিক্রির ওপর কার্যকর নজরদারি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সার মজুদ ও বিক্রির হিসাব নিয়মিত যাচাই করা হলে অবৈধ মজুদের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর এড়িয়ে গেল কীভাবে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগী কৃষকেরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সার মজুদ ও বিক্রিতে অনিয়ম প্রতিরোধে তদারকির কার্যকারিতা নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।