ঝিনাইদহে চুরির অভিযোগে শিশুকে বেঁধে গণপিটুনি

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে চুরির অভিযোগে এক শিশুকে দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আহত শিশু সাজু (১৪) সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামের রশিদের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে ডাকবাংলা বাজারসংলগ্ন একটি বাড়িতে চুরির অভিযোগে সাজুকে আটক করা হয়। পরে জুমার নামাজের আগে তাকে ডাকবাংলা মেইন বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত দড়ি দিয়ে বেঁধে পায়ের ফাঁকে কাঠ ঢুকিয়ে মারধর করা হয়। এর আগে তাকে আরও মারধর করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটিকে বেঁধে রেখে কয়েকজন ব্যক্তি মারধর করছেন। এ সময় আশপাশে অনেক লোকজন উপস্থিত থাকলেও কাউকে বাধা দিতে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, শিশুটির বিরুদ্ধে আগে থেকেও চুরির অভিযোগ শোনা গেছে। তবে অভিযোগ থাকলেও তাকে এভাবে বেঁধে মারধর করা সমর্থনযোগ্য নয়।

ঘটনার পর শিশুটিকে কোথায় নেওয়া হয়েছে, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে পুলিশ জানায়, সে বর্তমানে পরিবারের জিম্মায় রয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, কোনো ব্যক্তিকে এভাবে বেঁধে মারধর করা আইনসম্মত নয়। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ সুপার অবগত রয়েছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।