ঝিনাইদহে ফুফুর ৬ লাখ টাকা হাতাতে ভাতিজার ‘ছিনতাই নাটক’, তিনজন গ্রেফতার

0

আসিফ কাজল, ঝিনাইদহ, লোকসমাজ : নিজের ফুফুর কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নিতে এক অভিনব ‘ছিনতাই নাটক’ সাজিয়েছিলেন ভাতিজা লিটন শেখ। তবে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ ও পুলিশের প্রযুক্তিগত তদন্তে ধরা পড়ে যায় পুরো পরিকল্পনা। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া পুরো টাকা এবং জব্দ করা হয়েছে ব্যবহৃত মোটরসাইকেল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সোমবার দুপুরে মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম চুয়াডাঙ্গার জীবননগর জনতা ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি নিজের ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে দত্তনগর ফার্ম সংলগ্ন মথুরা বীজ উৎপাদন খামারের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী চলন্ত মোটরসাইকেল থেকে টাকার ব্যাগটি হ্যাঁচকা টান দিয়ে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সেলিনা বেগম আহত হন।

ঘটনার পরপরই তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মহেশপুর থানায় মামলা করেন (মামলা নং- ২১, তারিখ: ১১/০৫/২০২৬)। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে।

এর ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—লিটন শেখ (৪০), আমিনুর রহমান খান (২৪) ও মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। এ ঘটনায় শাওন বদ্দি (২৩) নামে আরও একজন পলাতক রয়েছে।

ওসি মেহেদী হাসান জানান, মূল পরিকল্পনাকারী ছিলেন ভুক্তভোগীর আপন ভাতিজা লিটন শেখ। তিনি শাওন বদ্দির সঙ্গে মিলে পুরো ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পুলিশের দ্রুত পদক্ষেপে তিনজনকে গ্রেপ্তার এবং পুরো ৬ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।