ঝিকরগাছায় ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা

ঘটনাস্থল মনিরামপুর হলেও নিহত ও অভিযুক্তদের বাড়ি কয়েক গজ দূরে ঝিকরগাছা থানা এলাকায়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা, লোকসমাজ :  ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহত এনামুল হক (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে মনিরামপুর উপজেলার শরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, এমামুল হকের ভগ্নিপতি রেজাউল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনকে প্রতিবেশী কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে ঘটনার দিন রাতে এমামুল হক বাড়ি থেকে কয়েক গজ দূরে মনিরামপুর উপজেলার শরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গেই পূর্বপরিকল্পিতভাবে ওই এলাকার কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—রবিউল ইসলাম (৪০), হোসাইন (২৫), রাকিব হোসেন (২০), মেহেদী হাসান (২২) ও রাব্বি ইসলাম (১৮) সহ আরও কয়েকজন।

যশোরের ঝিকরগাছায় ভাগ্নীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হত্যা
নিহত এনামুল হক

হামলাকারীরা ধারালো অস্ত্র দা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, নিহতের ডান পাশের পিঠে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ বলেন, ঘটনাস্থল মনিরামপুর থানা এলাকায় হলেও নিহত ও অভিযুক্তরা কয়েক গজ দূরে ঝিকরগাছা থানা এলাকার বাসিন্দা এবং তারা প্রতিবেশী।
ঘটনার খবর পেয়ে মনিরামপুর থানার ওসি ও ঝিকরগাছা থানা পুলিশের এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাতে মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়।