যশোরে আলোচিত মা-মেয়ে মাদক কারবারি আটক, উদ্ধার ৩৫ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা

যশোরের চাঁচড়া রায়পাড়ায় মাদকবিরোধী অভিযানে প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগম আটক। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

0
যশোরে আলোচিত মা-মেয়ে মাদক কারবারি আটক
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার আলোচিত মাদক কারবারি প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগম আটক হয়েছেন- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে আলোচিত মাদক কারবারি প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগমকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে যশোর সদর পুলিশ ফাঁড়ির একটি দল রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকায় কয়েকজন নারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছে।

খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানুল্লাহর নেতৃত্বে এসআই নুর উন নবী, এসআই শামীম এবং এটিএসআই আতাউর রহমানের সমন্বয়ে একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগমকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে সাহানারা বেগমের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রিয়া খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক দুই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা এর আগেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।