ফুলবাড়ী দিবসে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ

ফুলবাড়ী দিবস উপলক্ষে যশোর এমএম কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। সমাবেশে জাতীয় সম্পদ রক্ষা ও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করা হয়।

0
ফুলবাড়ী দিবসে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : ফুলবাড়ী দিবস উপলক্ষে যশোরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা শাখা।

বুধবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ীর রক্ত ও আত্মত্যাগ কেবল একটি অঞ্চলের নয়, বরং দেশের জাতীয় সম্পদ রক্ষার সংগ্রামের প্রতীক। দেশের সম্পদ বিদেশি স্বার্থে তুলে দেওয়ার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। তিনি তৎকালীন ও বর্তমান সরকারের কয়লা উত্তোলন নীতির সমালোচনা করে বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুলবাড়ীর মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ২০০৬ সালের আন্দোলনে নিহতদের আত্মত্যাগ দেশের সম্পদ রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি অভিযোগ করেন, ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে আল-আমিন, সালেকিন ও তরিকুল নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ফুলবাড়ীর আন্দোলন বিজয় অর্জন করেছিল বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিমুর রহমান বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন আরও জোরদার হবে।

তিনি বলেন, দেশের জনগণ জাতীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যেকোনো চক্রান্ত প্রতিহত করবে এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা কমিটির নেতা পলাশ বিশ্বাস, শহর শাখার নেতা হাবিবুর রহমান মোহন, এনামুল কবির মুক্তি, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা ছায়হাম বিশ্বাস অর্ক, সাবেক ছাত্রনেতা শিমুল বিশ্বাস ও প্রদীপ বিশ্বাসসহ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে জাতীয় সম্পদ রক্ষা এবং বহুজাতিক কোম্পানির স্বার্থবিরোধী আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।