যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
গ্রাফিক্স : এআই সহায়তা - লোকসমাজ

বিশেষ প্রতিনিধি॥ তথ্য গোপন করে একাধিক মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আসছে বলে যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় জানানো হয়, অনেক আসামি একাধিক মামলা থাকলেও মাত্র একটি বা দুটি মামলার তথ্য আদালতে উপস্থাপন করে জামিন নিচ্ছে। ফলে দাগি অপরাধী ও সন্ত্রাসীরা বাইরে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করছে।

রোববার সকালে যশোর কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, কোনো এপিপি তথ্য জানা সত্ত্বেও বড় অপরাধীদের জামিন ঠেকাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হবে এবং প্রয়োজনে নতুন এপিপি নিয়োগের সুপারিশ করা হবে।

তিনি জানান, জেলা ও পুলিশ প্রশাসন শিগগিরই উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো, ছিনতাই, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, বখাটেপনা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে। এ ধরনের অপরাধের তথ্য সংগ্রহে জরুরি যোগাযোগ নম্বর চালু করা হবে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হবে।

জেলা প্রশাসক বলেন, “আমাদের কাছে এমন অনেক তথ্য রয়েছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবেন না। বিভিন্ন এলাকায় উদ্বেগজনকভাবে অসামাজিক কার্যকলাপ ছড়িয়ে পড়েছে। সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও জানান, বৃষ্টি কমলে যশোর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের সভা কক্ষে রোববার অনুষ্ঠিত হয় – লোকসমাজ

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। জানানো হয়, ভবদহ এলাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়নি। ভবদহ প্রকল্পের আওতায় সেনাবাহিনী ৮১ দশমিক ৫ কিলোমিটার নদী খননের মধ্যে ৫০ কিলোমিটারের বেশি কাজ সম্পন্ন করায় পানি দ্রুত নেমে যাচ্ছে। গত শুক্র ও শনিবার চারটি উপজেলায় ২৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে।

এ সময় জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় যশোরে স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সভায় আরও বলা হয়, জেলায় পারিবারিক সহিংসতা ও খুনের ঘটনা বেড়েছে, তবে অধিকাংশ ঘটনায় পুলিশ অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। অটোরিকশা ও ইজিবাইক চালকদের লাইসেন্স প্রদান কার্যক্রম আগামী মাসে দৃশ্যমান হবে বলেও জানানো হয়। পাশাপাশি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলা হয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করতে হলে আলাদা বক্সে স্পষ্টভাবে ‘মেয়াদোত্তীর্ণ’ লেবেল লাগাতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।