যশোর জেনারেল হাসপাতালে রোগীর চেইন ছিনতাইকালে নারী আটক

0
ছবি: লোকসমাজ।

লোকসমাজ ডেস্ক ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় এক নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

এঘটনায় আটক নারী নিলুফা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হাঢুড়া গ্রামের শাহিনের স্ত্রী এবং মৃত বিঙরাজের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা বাচ্চু তালুকদারের স্ত্রী সুফিয়া বেগম (৫৬) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে মেডিসিন বিভাগের চেম্বারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

 

ছবি: লোকসমাজ।

এ সময় পিছন থেকে এক নারী কাটার দিয়ে তার গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সুফিয়া বেগম ও পাশে থাকা অন্য রোগীরা চিৎকার শুরু করলে উপস্থিত জনতা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলে।

পরবর্তীতে হাসপাতালে দায়িত্বরত টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগী সুফিয়া বেগম জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কাটার দিয়ে তার চেইন কাটার চেষ্টা করা হয়েছিল। অন্য রোগীদের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকারী ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আটককৃত নিলুফাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।