যশোরে যুবলীগের গুপ্ত মিছিল, আটক ৫

বুধবার মধ্যরাত পর্যন্ত পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে

0
যশোরে যুবলীগের মিছিল করায় আটক
যশোর শহরে যুবলীগের মিছিল করায় আটক ৫ জন

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর শহরে যুবলীগের ব্যানারে গোপনে মিছিল ও সমাবেশ করা হয়েছে । এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ । বুধবার মধ্যরাত পর্যন্ত পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ।

আটকরা হলেন, শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয় শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে । এছাড়া একই পেজে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এছাড়া এ ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা করেছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ব্যানারের গুপ্ত মিছিল ও সমাবেশ করা হচ্ছে। যা প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খুবই গোপনিয়তা অবলম্বন করে এসব কর্মকাণ্ড করা হয়। যে সময় সড়কে জনসমাগম কম থাকে বা জনশূন্য থাকে সে সময় হঠাৎ মিছিল বের করে অল্প সময়ের ভিডিও নিয়েই মিছিলকারীরা দ্রুত পালিয়ে যান।