সকালে শিক্ষিকা আর বিকেলে ক্ষুদ্র উদ্যোক্তা একজন মিনা খাতুন

0
ছবি: উদ্যোক্তা মিনা খাতুন।

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ)॥ কথিত সম্মান হারানোর কুপমণ্ডুকতাকে ঝেড়ে ফেলেছেন এক নারী। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার দুঃসাহসিক কাজে নেমেছেন। প্রকাশ্যে বিক্রি করছেন চা- ফুসকা।

এ নারীর নাম মিনা খাতুন। ঝিনাইদহ সদর উপজেলায় বাড়ি। এখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দিনে প্রথম ভাগে করেন শিক্ষকতা। আর দ্বিতীয় ভাগে ক্ষুদ্র উদ্যোক্তা। সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের ঝাঁপর নদীর ব্রিজের ওপর রয়েছে তার ‘চা বেলা’। এটি একটি ভিন্নধর্মী দোকান।

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিক্রি করেন চা। সাথে ফুসকা। মাটির কাপে পরিবেশন করা এ চায়ের স্বাদই আলাদা।

তাই এ স্বাদ নিতে দূর- দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ। আর বিক্রেতা সুচারুভাবে হররোজ মানুষের ভিড় সামলান হাসিমুখে। বাংলাদেশের পেক্ষাপটে এতে তার সম্মান যাওয়ার কথা। কিন্তু তার সম্মান যাওয়ার বদলে আরো বেড়েছে।

লোকসমাজের সাথে কথা হয় সুভাষ দাস নামে এক ব্যক্তির সাথে। তিনি বলেন, অনেক দূর থেকে চা খেতে এসেছি।

জাফর মোল্লা নামে অপর ব্যক্তি বলেন, ফুচকা খেতে এসেছি। কারণ এখানকার ফুসকার স্বাদ অন্যরকম। মিনা খাতুন বলেন, মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।