যশোরে যুবদলের বহিষ্কৃত নেতা এস্কেন্দার আলী জনি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে গত মঙ্গলবার দুপুরে ঢাকার তেজগাঁও এলাকা থেকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে আটক করা হয়। বুধবার রাত ৩টার দিকে তাকে যশোরে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে নানা সময়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে যশোর বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

সম্প্রতি এসব অভিযোগের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানায় জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।