যশোরের ঈদগাহ মাঠে মানববন্ধন
যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন ‘সচেতন দ্বীনদার নাগরিকবৃন্দ’ - লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন ‘সচেতন দ্বীনদার নাগরিকবৃন্দ’-এর ব্যানারে একদল নাগরিক। রোববার রাত ৯টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ মাঠ মূলত মুসল্লিদের ধর্মীয় ইবাদতের জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান। এমন স্থানে বিশ্বকাপ ফুটবলের মতো বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন ঈদগাহ মাঠের মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তারা ফাইনাল ম্যাচ প্রদর্শনের উদ্যোগের প্রতিবাদ ও নিন্দা জানান।

যশোরের ঈদগাহ মাঠে মানববন্ধন
যশোর কেন্দ্রীয় ঈদগাহ। রোববার রাতের ছবি – লোকসমাজ

বক্তারা আরও বলেন, একজন সচেতন মুসলিম হিসেবে ঈদগাহ মাঠের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করা তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছেন।

প্রতিবাদকারীদের দাবি, তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে প্রশাসন ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল প্রদর্শনের অনুষ্ঠান স্থগিত করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ইয়াসিন আরাফাত, মো. এজাজসহ আরও অনেকে।

যশোরের ঈদগাহ মাঠে মানববন্ধন
যশোর টাউন হল মাঠে বৃক্ষ মেলার কারণে কেন্দ্রীয় ঈদগাহে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা প্রদর্শন করা হবে শুনে যারা এসেছিলেন তারা ফিরে যান রোববার রাতে- লোকসমাজ

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি, জেলা প্রশাসন এবং মানববন্ধনকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। একপর্যায়ে ঈদগাহ মাঠে খেলা প্রদর্শনের আয়োজন স্থগিত করা হয়।

তিনি বলেন, খেলাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে পুলিশ সতর্ক নজর রাখছে। একই সঙ্গে সবাইকে সংযম ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান তিনি।