কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মিছিল ছত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দা দিয়ে আঘাত করে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফরকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোদার বিল এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। সেখানে মশাল মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়।

এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে দা দিয়ে আঘাত করলে পুলিশের এসআই মো. জাফর আহত হন। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোদার বিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে বের হওয়া মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় দা দিয়ে আঘাত করে এক পুলিশ সদস্যকে আহত করা হয়। পরে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।