ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন

0
বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশ ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন সদস্যরা।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় গ্রাম পুলিশ ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়, আর কোষাধ্যক্ষ বা অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে; ১০১ জন ভোটারের মধ্যে ৯৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমবায় অফিসার মো. নুরোল ইসলাম। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ক্যাপ প্রতীক নিয়ে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন মো. জাহিদ হাসান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউছুফ আলী বল প্রতীকে ৩৫ ভোট এবং মো. আকরাম হোসেন শাপলা প্রতীকে ৬ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে গোলাপ প্রতীক নিয়ে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আশিকুর রহমান, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন কলম প্রতীকে ২৭ ভোট পান। প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন মো. সাইফুদ্দিন ইসলাম এবং তাঁর প্রতিদ্বন্দ্বী সুকুমার ঘোষ মাইক প্রতীকে পান ২৭ ভোট। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জান্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইকবাল হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে পুষ্প মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচন সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। এ সময় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশ ইউনিটের সদস্যদের সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করার প্রত্যয় জানান।