সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি

0
জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে বিলে বিলে টিআরএম চালুর দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পানি আন্দোলনকর্মীরা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের নামে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পানি আন্দোলনকর্মীরা।

একই সঙ্গে ভবদহের সমস্যা সমাধানে আলাদা বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং বিলে বিলে জোয়ারাধার বা টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর দাবি জানানো হয়েছে।

পানিসম্পদ ও কৃষি মন্ত্রীর কাছে পাঠানো পৃথক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়, যার অনুলিপি খাদ্য মন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ভবদহ জলাবদ্ধতার কথা বলে অপ্রাসঙ্গিক এলাকা যুক্ত করে এবং অবাস্তব তথ্য দিয়ে ওই সেচ প্রকল্প থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে।

আন্দোলনকারীদের ভাষ্য, সেচ প্রকল্প দিয়ে ভবদহের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়—যা অতীতে প্রমাণিত হয়েছে। ২০২০ সাল থেকে বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টায় কোটি কোটি টাকা ব্যয় হলেও সুফল মেলেনি; বরং পলি জমে নদী ভরাট হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইলসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিলের মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছেন। আন্দোলনকারীদের মতে, চলমান নদী খনন ও স্লুইসগেটের কপাট সচল রাখার পাশাপাশি বিলে বিলে টিআরএম চালু করলে দীর্ঘমেয়াদি সমাধান আসবে। গত ১৬ মে যশোরের জাতীয় কর্মশালায় গৃহীত পরিকল্পনা ও আইডব্লিউএমের চূড়ান্ত প্রস্তাবনা বাস্তবায়নেরও দাবি জানান তাঁরা।

ভবদহবাসীর অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে যে অকার্যকর সেচ প্রকল্প নয়, বরং নদী সচল রাখা ও বিলে বিলে টিআরএম চালুই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারে। স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ ও সদস্য সচিব চৈতন্য কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।