কলকাতায় নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

0
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি ।। ছবি: সংগৃহীত

কলকাতায় নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার-এর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সংবাদমাধ্যমকে জানান, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে; তাঁর বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে নিখোঁজ হন আনার।

পরবর্তীতে কলকাতার একটি বাড়িতে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ এবং এ ঘটনায় কলকাতায় মামলা হয়। ঢাকায় শেরেবাংলা নগর থানায় বাবার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছিলেন ডরিন এবং সে সময় হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন তিনি।

ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমানকে গ্রেপ্তার করা হয়; পুলিশের দাবি অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহীন।

তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে যায় এবং একে একে জামিনে মুক্তি পান গ্রেপ্তার আসামিরা; সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান শিমুল ভুঁইয়া।