ঝিকরগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ।

সমন্বয় সভায় বক্তারা ঝিকরগাছা উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত করা, হাসপাতালের বর্তমান জনবল ও চিকিৎসা সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্টাফদের আন্তরিক আচরণ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য, জনবান্ধব ও কার্যকর করার তাগিদ দেন উপস্থিত সদস্যরা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন এবং স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন ও কামরুজ্জামানসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।