ঢাকা ও চট্টগ্রামে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, রাজধানীতে চরম ভোগান্তি; কত দিন চলবে জানাল আবহাওয়া অফিস

0
সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজধানীতে সকালের বৃষ্টিতে চরম ভোগান্তি, জলাবদ্ধতায় স্থবির অনেক সড়ক ।। ছবি: সংগৃহীত
আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল থেকেই রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, যা কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তি বয়ে এনেছে। সপ্তাহের প্রথম দিন হওয়ায় সকালের তাড়াহুড়োর মধ্যে হঠাৎ এই বৃষ্টিতে অনেক সড়কের ওপর পানি জমে যায়। অনেক স্থানে বৃষ্টির পানি ঠেলে ধীরগতিতে যানবাহন চলতে দেখা গেছে, ফলে দেখা দিয়েছে তীব্র যানজট।

রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানির কারণে সড়কের নানা স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন নষ্ট হয়ে মাঝরাস্তায় বিকল হয়ে পড়ে আছে। যানবাহনের তীব্র সংকটের কারণে ছাতা মাথায় দিয়ে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অসংখ্য মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

অন্যদিকে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামে টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত চলায় সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানির কারণে চট্টগ্রামের বহু সড়ক ও নিচু এলাকায় গত কয়েক দিন ধরেই জলজট তৈরি হয়ে আছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার এবং চট্টগ্রামে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং এর সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু যোগ হওয়ার কারণে গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা শুরু হয়। আজ সারা দিনই রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

আগামীকাল সোমবারও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সোমবার থেকে বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টির এই দাপট ক্রমান্বয়ে কমে আসতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।