ফ্যাসিবাদী সরকার জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎমন্ত্রী

দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন।

0

লোকসমাজ ডেস্ক : জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, গত ১৭ বছরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল। অথচ দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, এটি জনগণের সরকার। তাই দেশের জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করব? দেশের উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন জ্বালানি নিরাপত্তা।”

তিনি আরও বলেন, সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সম্মতি নিয়ে কাজ করছে। “আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে সন্তুষ্ট করে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ আহরণ করতে,” বলেন তিনি।

এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, সাদিক রিয়াজ এমপি, জাহাঙ্গীর আলম এমপি এবং এ জেড এম রেজওয়ানুল হক এমপি উপস্থিত ছিলেন।