কোরবানি দিতে গিয়ে অসাবধানতায় ছুরির আঘাতে  আহত ৩

পশু কোরবানি করতে গিয়ে অসাবধানতাবশত ছুরির আঘাতে হুজুরসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৃথক ঘটনায় তারা আহত হন।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : ঈদুল আযহার দিনে পশু কোরবানি করতে গিয়ে অসাবধানতাবশত ছুরির আঘাতে হুজুরসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৃথক ঘটনায় তারা আহত হন।

আহতদের সূত্রে জানা গেছে, যশোর বকচর মাদ্রাসার মাওলানা বিভাগের ছাত্র মোসাদ্দিক বিল্লাহ সাইম (১৮) উপশহর বি ব্লকে গরু জবাই করতে গিয়ে বাম হাতে ছুরির আঘাত পান। এতে তার বাম হাতের দুটি আঙুল কেটে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। তিনি উপশহর ডি ব্লকের বাসিন্দা মিজানুর রহমান-এর ছেলে।

অপরদিকে বেজপাড়া তালতলা এলাকার আব্দুর রহমান (৩০) আহত হয়েছেন। তার বাবা আব্দুর রব জানান, গরু জবাইয়ের সময় তিনি গরুর মাথা ধরে ছিলেন। এ সময় হুজুর ছুরি চালালে তা তার হাতে লাগে এবং হাত কেটে যায়।

এছাড়া কোরবানির আগে গরুর দড়ি ধরে থাকা অবস্থায় আহত হন আমিনুর রহমান (৪২)। গরুটি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করলে দড়িতে টান লেগে তার ডান হাতের একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি আঙুল কেটে ফেলতে হতে পারে। তিনি বলিদাহ গ্রাম এলাকার আজিজুর রহমান-এর ছেলে।

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. অনিক কুমার মন্ডল জানান, আমিনুর রহমানের আঙুলের হাড় ভেঙে গেছে এবং একটি আঙুল অপসারণ করতে হতে পারে। অন্য দুইজনের হাতে সেলাই দেওয়া হয়েছে। অসাবধানতার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।