গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে: অধ্যাপক নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জুলাইয়ের মূল চেতনা ছিলো বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আবু সাইদ, ওয়াসিমের মতো সাহসী যুবকরা প্রতিরোধের দেয়াল তুলে স্বৈরাচারের ভিতকে কাপিয়ে দিয়েছিল।

তারা আমাদের সামনে প্রতিরোধের মুক্ত প্রতীক এবং লড়াইয়ের চেতনা। তাদের ত্যাগ, সাহস আর দৃঢ়তার মাধ্যমে আজকে যে গণঅভ্যূত্থানের সুফল ভোগ করছি। সেটি ধারণ করে গণঅভ্যুত্থানকে সফল করতে হবে জনগণের কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

জুলাই-আগস্ট ছাত্র – জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মনিহার বিজয় স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত স্মরণ সভায় অধ্যাপক নার্গিস বেগম বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় তিনি আরও বলেন সিস্থিশীল সরকার না থাকলে জনগণের কোন দাবি পূরণ করা সম্ভব নয়। সেই কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের দেওয়া ওয়াদা পূরণে কাজ করে যাচ্ছেন। সেই মুহুর্তে সরকারকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত চলছে। সরকার যেন জনগণের কল্যাণে কাজ না করতে পারে, চক্রান্তকারীরা সেই অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সর্তক থাকতে হবে, চক্রান্তকারীদের প্রতিরোধ করতে হবে।

অতীতের আবারও দেশ বিরোধী শক্তিরী মাথা বের করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের কথা বলছেন। যে ঐক্যের মধ্যে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিলো। চক্রান্তকারীরা সেই ঐক্যের মধ্যে আবার চিড় ধরাতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন উগ্রবাদ চরমপন্থীর জায়গা এই দেশে হবে না।

দীর্ঘ ১৭ বছরের কালো অধ্যায় বিএনপি শুধু নয়, আজকে যারা বিরোধী দল তারা পার করেছে। সেই কালো অধ্যায় আবার যেন ফিয়ে না আসে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে বর্তমান চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমরা সেই ঐক্য চাই, যে ঐক্য আমাদের ইস্পাত কঠিন দৃঢ়তা দেবে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, এই বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র হয়েছে। প্রতিবারই বন্ধুর ছদ্মবেশে পার্শবর্তী দেশ আধিপত্যের বিস্তারের চেষ্টা চালিয়েছে, কিন্তু দেশের মানুষ তা রুখে দিয়েছে। যখনই বাধা এসেছে জনগণ রুখে দিয়েছে।

আমাদের আশেপাশে শেখ হাসিনার দোসরার ঘাপটি মেরে আছে। তারা আমাদের নীরবতা এবং উদরতার সুযোগ নিচ্ছে। মনে রাখতে হবে এরা আমাদের স্বাভাবিক জীবন নষ্ট করেছে। তাদেরকে এক জায়গা হতে দেওয়া যাবে না। ফ্যাসিস্ট এবং তাদের দোসাররা আমাদের ভাই বন্ধু কিছুই না। তাদের একটি পরিচয় তারা নির্যাতনকারী।

ছবি: লোকসমাজ।

জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি স্মরণ সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানের পরিচালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, এম এম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশির প্রমুখ।